বরেন্দ্র প্রকল্প

নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ


বাগাতিপাড়া বাগাতিপাড়া

বাগাতিপাড়া প্রতিনিধি

(১ বছর আগে) ১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭:৪১ অপরাহ্ন

natoreview

নিম্নমানের সামগ্রী দিয়ে বরেন্দ্র প্রকল্পের খালের পাড়ের রিটেইনিং দেয়ালের নির্মাণ কাজ। ছবি : নাটোরভিউ২৪

বাগাতিপাড়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে বরেন্দ্র প্রকল্পের খালের পাড়ের রিটেইনিং দেয়ালের নির্মাণ কাজের অভিযোগে তা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১৫ জানুয়ারি) বিকালে কাজটি বন্ধ করা হলেও বৃহস্পতিবার নাটোরের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মনির ঘটনাস্থল পরিদর্শণ করে ব্যবহৃত নিম্নমানের পাথর পরিবর্তণ করতে নির্দেশ দিয়েছেন।

সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, উপজেলার থানার অদূরে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচ প্রকল্পের আওতায় বড়াল নদী থেকে বের হওয়া রেগুলেটরের পাশে খালের পাড় ভাঙা রোধে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে রিটেইনিং দেয়াল নির্মাণের কাজ চলছিল। পাড়ের বাড়িঘরের ভাঙন রোধে ৫০ মিটার দীর্ঘ ওই দেয়ালে ঢালাইয়ের কাজ চলমান ছিল। কিন্তু বুধবার বিকালে ঢালাইয়ে নিম্নমানের পাথর ব্যবহার করার বিষয়টি জেলার একজন সাংবাদিকের নজরে আসে। বিষয়টি ওই সাংবাদিক চ্যালেঞ্জ করলে নির্বাহী প্রকৌশলী তাৎক্ষণিক কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। পরদিন বৃহস্পতিবার নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মনিরসহ একটি দল ঘটনাস্থল পরিদর্শণ করেন। সেখানে ঢালাইয়ে নিম্নমানের পাথর ব্যবহারের সত্যতা পান।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাম্মী এন্টারপ্রাইজের পক্ষে ঠিকাদার কুরবান আলী বলেন, কিছু পাথরের সমস্যা হয়েছে এমন অভিযোগ এনে তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে তার লেবার খরচসহ বেশ কিছু আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মনির বলেন, একজন সাংবাদিকের অভিযোগ পেয়ে তিনি কাজটি বন্ধ রাখতে নির্দেশ দেন। এরপর ঘটনাস্থল পরিদর্শণ করে ব্যবহার উপযোগী নয় এমন পাথর পাওয়া গেছে। এগুলো পরিবর্তন করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে।