বাগাতিপাড়ায় সোমবার মঞ্চ থেকে নেমে গিয়ে ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা। ছবি : নাটোরভিউ২৪
বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা এবং মডেল থানার ওসি আমিনুল হক।
এসময় সেখানে ছিলেন এসিল্যান্ড সুরাইয়া মমতাজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক, কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়সহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সূধীজন। সেখানে বিজয় মেলার উদ্বোধন করা হয়। মেলার স্টলগুলোতে চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পন্য প্রদর্শিত হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত, হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন, ইউএনও পার্ক শিশুদের জন্য উন্মুক্ত রাখা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও দিবসটি যথাযথভাবে পালন করা হয়।
