নলডাঙ্গা পৌরসভার কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে রোববার মানববন্ধন। ছবি : নাটোরভিউ২৪
নলডাঙ্গা পৌরসভার কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন করেছে পৌর এলাকাবাসী। রোববার (১ ডিসেম্বর) বিকেলে নলডাঙ্গা পৌরসভা মোড়ে পৌরবাসী ও নলডাঙ্গা বাজার মালিক সমিতির আয়োজনে শত শত ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারন মানুষ ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নিয়ে বিক্ষোভ করেন।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তৃতা করেন, নলডাঙ্গা পৌর বিএনপির সভাপতি এমএ হাফিজ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা বাজার ব্যবসায়ী ও বাজার মালিক সমিতির সভাপতি নাছির উদ্দিন, পৌর বিএনপির নেতা গিয়াস উদ্দিন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত মেয়র পৌরবাসীর দাবি উপেক্ষা করে প্রত্যন্ত অঞ্চলে পৌরসভার ভবন নির্মাণের জন্য জমি কিনে সেখানে ভবন নির্মাণের সব প্রস্ততি সম্পন্ন করে গেছেন।
বর্তমানে পৌরসভা কার্যালয় ভবন নলডাঙ্গা বাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত। পৌর কার্যালয়ের ভবন প্রাণ কেন্দ্রে বাদ দিয়ে এক কিলোমিটার দূরে নিয়ে গেলে পৌরসভার নাগরিক সেবা নিতে ভোগান্তিতে পড়তে হবে। সাধারণ মানুষ যেন ভোগান্তিতে না পড়তে হয় সেজন্য পৌরসভার কার্যালয় যেখানে আছে সেখানেই ভবন নিমার্ণ করার জন্য জোরালো দাবি জানান।
পরে পৌরসভার কার্যালয় ভবন স্থানান্তর না করার দাবি জানিয়ে পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী ভূমি কমিশনার আশিকুর রহমানের মাধ্যমে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ জানানো হয়।
