জন্মের পর ভেড়াসহ বাচ্চাগুলো সুস্থ্য রয়েছে
সাধারণত একটি ভেড়া ২-৩টি বাচ্চা প্রসব করে থাকে। তবে নাটোরের নলডাঙ্গায় একটি ভেড়া একসাথে ৫টি বাচ্চা প্রসব করে। অবিশ্বাস্য হলেও সত্যি যে, বর্তমানে ভেড়াসহ বাচ্চাগুলো সুস্থ্য রয়েছে। এই অস্বাভাবিক ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে বাচ্চাগুলোকে দেখতে অনেক মানুষ ভিড় করে।
জানা যায়, নাটোরের নলডাঙ্গার মাধনগর ইউনিয়নের নওপাড়া গ্রামের জীবন আহম্মেদের একটি ভেড়ার একসাথে ৫টি বাচ্চা প্রসব করে। ঘটনাটির খবর ছড়িয়ে পড়লে জীবন আহম্মেদের বাড়িতে ভেড়াটি ও বাচ্চাগুলোকে দেখতে অনেক মানুষ ভিড় করছেন।
ভেড়ার মালিক জীবন আহম্মেদ বলেন,এই ভেড়াটি একটি দেশি জাতের ভেড়া। সম্প্রতি এই ভেড়াটি একসাথে ৫টি বাচ্চা প্রসব করে। জন্মের পর ভেড়াসহ বাচ্চাগুলো সুস্থ্য রয়েছে।
তিনি আরো বলেন,ভেড়াটি বাচ্চা গুলো প্রসব করার পর থেকে এখন পর্যন্ত স্থানীয় ও আশেপাশের অনেক মানুষ দেখতে আমার বাড়িতে ভীড় করছেন। সবগুলো বাচ্চাকে দুধ খাওয়াতে গেলে দুধের ঘাটতি পড়ে। আমি অন্য ভেড়ার দুধ এই বাচ্চাগুলোকে ফিডারে করে খাওয়াচ্ছি।
ভেড়া দেখতে আসা মহাতাব হোসেন বলেন, আমি এর আগে কখনো এমন ঘটনা শুনিনি বা দেখিও নি। এই প্রথম শুনলাম। খরব পেয়ে দেখতে যাই। বাচ্চাগুলো দেখতে খুব সুন্দর হয়েছে।
নলডাঙ্গা উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. খন্দকার সাগর আহম্মেদ বলেন,একটি ভেড়ার একসাথে ৫টি বাচ্চা প্রসব করার খবরটি শুনেছি। ভেড়া ও বাচ্চাগুলো যেন সুস্থ্য থাকে তাই আমরা তাদের পরামর্শ দিচ্ছি।
