মিরপুর টেস্ট : তাইজুলের ১১তম ৫ উইকেট


খেলাধুলা

নাটোর ভিউ ডেস্ক

(৩ বছর আগে) ৫ এপ্রিল ২০২৩, বুধবার, ২:৫৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৫৭ অপরাহ্ন

natoreview

সাকিব আল হাসান বল করবেন না? মিরপুর টেস্টের প্রথম দিনের প্রথম সেশন থেকেই প্রশ্নটা সবার মুখে। উত্তরের জন্য অপেক্ষা করতে হয় দিনের শেষ সেশন পর্যন্ত। আয়ারল্যান্ড ইনিংসের ৬৬তম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। ৩ ওভার বোলিং করতে না করতেই স্টাম্প মাইকে উইকেটকিপার লিটন দাসের অনুরোধ শোনা যায়, ‘ওই দিক দিয়ে মিরাজকে করান।’

কথাটা সাকিবকে উদ্দেশেই বলা। সহ অধিনায়কের কথা মতোই সাকিব বল তুলে দেন মিরাজের হাতে। অন্য প্রান্ত থেকে তাইজুল ইসলাম তো ছিলেনই। টেস্ট ক্যারিয়ারে বাঁহাতি এই স্পিনার ১১তমবার ৫ উইকেট নেওয়ায় দিনের খেলা শেষ হওয়ার আধা ঘণ্টা আগেই আইরিশরা অলআউট হয় ২১৪ রানে।

টেস্টে বাংলাদেশের হয়ে শুধু সাকিবই তাইজুলের চেয়ে বেশিসংখ্যকবার ৫ উইকেট পেয়েছেন। ১৯বার ৫ উইকেট পেয়েছেন সাকিব। তবে ইনিংসে সেরা বোলিংয়ের কীর্তি তাইজুলেরই। ২০১৪ সালে এই শেরেবাংলা স্টেডিয়ামেই জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রানে ৮ উইকেট নিয়েছিলেন তাইজুল।
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ দলটা সেজেছে ৬ বিশেষজ্ঞ বোলারে। এর মধ্যে ৩ জনই পেসার। ২০১৪ সালের পর ঘরের মাঠে বাংলাদেশ এই প্রথম তিনজন বিশেষজ্ঞ পেসার নিয়ে খেলতে নামল। আর পেসারদের সৌজন্যে আইরিশ টপ অর্ডারে ফাটল ধরায় বাংলাদেশ। বাকি কাজটা করেছেন স্পিনাররাই।
 

খেলাধুলা থেকে আরও পড়ুন

সর্বশেষ