নাটোরের প্রথম নারী মন্ত্রী ফারজানা শারমিন


রাজনীতি লালপুর

নিজস্ব প্রতিবেদক

(৩ মাস আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৮:৪৯ অপরাহ্ন

natoreview

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগ থেকে বিজয়ী একমাত্র নারী প্রার্থী হিসেবে বাজিমাত করা নাটোরের মেয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এবার জেলার প্রথম নারী মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। জীবনে প্রথম বারের মতো সংসদ সদস্য হয়েই মঙ্গলবার বিকেলে তিনি বিএনপি সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক ভাবে এই শপথ নেন। তার বাবা প্রয়াত ফজলুর রহমান পটল নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে বার বার ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্তী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আজাদকে পরাজিত করে তিনি এখানে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে বিজয়ী হন। পেশায় আইনজীবী ৪১বছর বয়সী এই নারী সংসদ সদস্য বিএনপির সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল ও ঢাকার মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ কামরুন নাহার শিরিনের একমাত্র মেয়ে। তিনি নিজেও এখন নাযাহ নামের এক মেয়ে শিশুর জননী।

পুতুলের বাবা ফজলুর রহমান পটল ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০০৮ সালের নির্বাচনে আসনটি বিএনপির হাতছাড়া হয়। পরবর্তীতে ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বর্জন এবং ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের প্রেক্ষাপটে দীর্ঘ ১৮ বছর এই আসনটিতে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য ছিলো না। এবার পুতুল সেই হারানো আসনটি পুনরুদ্ধার করলেন। পুতুল বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক পরামর্শ কমিটির বিশেষ সহকারী ও বিএনপির মিডিয়া সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বিজয়ের পর তার প্রতিক্রিয়ায় তার বাবার মতোই নির্বাচনি এলাকার সব মানুষকে সঙ্গে নিয়ে লালপুর-বাগাতিপাড়াকে হানাহানি মুক্ত একটি বাস যোগ্য সুন্দর জনপথ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। এখন তিনি মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে সারা দেশেই মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ