লালপুরে স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন


রাজনীতি লালপুর

লালপুর প্রতিনিধি

(৩ মাস আগে) ১৫ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ৭:৪৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৫০ অপরাহ্ন

natoreview

সংবাদ সম্মেলনে বক্তৃতা করছেন লালপুর-বাগাতিপাড়া আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী তাইফুল ইসলাম টিপু। ছবি : নাটোরভিউ২৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলাসহ হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী তাইফুল ইসলাম টিপু।  রোববার দুপুরে উপজেলার মোমিনপুর গ্রামে তার নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তাইফুল ইসলাম টিপু বক্তব্যে বলেন, লালপুর-বাগাতিপাড়ায় নির্বাচনের আগে তিনি যে অস্থিরতার আশঙ্কা করেছিলেন, বর্তমানে তারই প্রতিফলন দেখা যাচ্ছে। আমার পক্ষের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, অসুস্থ ও নিরীহ ব্যক্তিদেরও আসামি করা হচ্ছে। তিনি আরো বলেন, নির্বাচনের পর সহিংসতায় অনেক মানুষ আহত হয়েছেন এবং ভয়ে অনেকে দোকানপাট খুলতে পারছেন না। পাশাপাশি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। শনিবার ১৪ ফেব্রুয়ারি উপজেলার ওয়ালিয়ায় সংঘর্ষের ঘটনা তুলে ধরে তিনি বলেন, সংঘর্ষের পর দুই নেতা আত্মরক্ষার জন্য একটি দোকানে আশ্রয় নেন। পুলিশ সেখানে গিয়ে তাদের উদ্ধার করে এবং তল্লাশি চালিয়ে কোনো অস্ত্র পায়নি। তবে দুই ঘণ্টা পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একই দোকানে পুনরায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারের দাবি করা হয়। এসব ঘটনা পরিকল্পিত।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন তাইফুল ইসলাম টিপু। তিনি দেশের নাগরিক হিসেবে নেতাকর্মীদের নিরাপত্তা ও জীবনের নিশ্চয়তা চেয়ে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের সদয় হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মঞ্জুরুল ইসলাম বিমল, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা,উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার প্রমুখ।

নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের ধানের শীষের বিজয়ী এমপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, আমি ১৪ ফেব্রুয়ারি শনিবার ঢাকায় আসার আগেই থানার ওসিকে বলে এসেছি যে এলাকায় কোন প্রকারের অপ্রীতিকর পরিবেশ যেন তৈরি না হয়। আর কেউ যদি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটয়ায় সে যেই হোক তাকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ