পার্টনারশিপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বড়াইগ্রামে রোববার কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসসহ অতিথিরা। ছবি : নাটোরভিউ২৪
পার্টনারশিপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বড়াইগ্রামে কৃষক-কৃষাণীদের নিয়ে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলার বাটরা-কুন্ডুপাড়া ব্র্যাক ব্যাংক পিএলসির সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করে।
উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমবায় কর্মকর্তা আমজাদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহাদি হাসান ও কৃষক প্রতিনিধি বিউটি খাতুন বক্তৃতা করেন।
প্রশিক্ষণে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, উৎপাদন বৃদ্ধির কৌশল, সহজ শর্তে কৃষিঋণ সুবিধা, বাজার ব্যবস্থাপনা, বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনের ব্যাপারে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কৃষককে কেন্দ্র করেই আমাদের সব পরিকল্পনা। কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তি, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা ও ফলন বৃদ্ধিতে পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্প কাজ করছে। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের এ প্রকল্প কৃষকদের প্রযুক্তিগত জ্ঞান, প্রশিক্ষণ, আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও সার্বিক সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
