নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নে বুধবার পথসভায় বক্তৃতা করছেন নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : নাটোরভিউ২৪
নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের অর্ধেক পুরুষ অর্ধেক নারী অথচ জামায়াতের আমির নারীদের নিয়ে যে বক্তব্য রেখেছেন এটা অত্যন্ত দুঃখজনক। আজ সারা দেশে নারী সমাজ ফুসে উঠেছে বিক্ষুদ্ধ হয়ে উঠছে। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না। তাই দেশের নারী সমাজ আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামকে প্রত্যাখ্যান করবে।
দুলু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া নারীদের সবচেয়ে বেশী সম্মানিত করেছেন। তারা স্বামী ও পরিবারের কাছে নির্যাতিত মেয়েদের চাকরি দিয়ে কর্মসংস্থানের উদ্যোগ গ্রহন করেছিলেন। ছেলেদের পাশাপাশি মেয়েদের তারা সম্মানিত করেছিলেন। শিক্ষা ও কর্মস্থানের সুযোগ তৈরি করে দিয়েছিলেন। তাদের যোগ্য সন্তান বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান এখন ফ্যামেলি কার্ডের মাধ্যমে আবার নারীদের সম্মানিত করার উদ্যোগ গ্রহণ করেছেন।
নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে বুধবার আয়োজিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
এ সব সমাবেশে আরও বক্তৃতা করেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহীদুল্লাহ সোহেল, জেলা প্রযুক্তি বিষয়ক কমিটির আহ্বায়ক রাসেল আহম্মেদ রনি, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি ও নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।
সমাবেশে দুলু আরও বলেন, আওয়ামী লীগ সরকার প্রায় ১৮ বছর দেশের ক্ষমতায় ছিলো। দেশ জুড়ে তারা হত্যা গুম লুটপাট করে দেশকে অশান্ত করেছে। বিরোধী মতাদর্শের মানুষকে বসবাস করতে দেয়নি। মানুষের ভাত ও ভোটের অধিকার তারা কেড়ে নিয়েছিলো। দিনের ভোট রাতে করতো। কখনো আবার আমি আর ডামির নির্বাচন করতো। দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবার সকলে সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। তাই আগামী ১২তারিখ সকলে ঐক্যবদ্ধ ভাবে ভোট দিতে যেতে হবে। এই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ৩১দফার ভিত্তিত্বে নতুন বাংলাদেশ গঠন করবে।
