নলডাঙ্গা উপজেলার বহ্মপুর ইউনিয়নে শুক্রবার নির্বাচনি গণসংযোগ করছেন নাটোর-২ আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : নাটোরভিউ২৪
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত ২৪ বছর যে ৪ টা পার্লামেন্ট নির্বাচন হয়েছে সেগুলো অংশগ্রহনমূলক ছিলো না। সাজানো আমি আর ডামি নির্বাচন ছাড়াও দিনের ভোট রাতে করা হয়েছিল। মানুষ তখন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। ভিন্ন মতের মানুষকে ভোট কেন্দ্রেই যেতে দেয়া হয়নি। ষড়যন্ত্র করে সাজানো নির্বাচন দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আকড়ে ধরে ছিলো। দীর্ঘ ২৪ বছর পর মানুষের মধ্যে এবার ভোট দেয়ার জন্য সাড়া পড়েছে। দেশে যত তাড়াতাড়ি নির্বাচন হবে মানুষ তত তাড়াতাড়ি তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।
শুক্রবার সকালে নলডাঙ্গা উপজেলার বহ্মপুর ইউনিয়নের বারইহাটী এলাকায় নির্বাচনি প্রচারে সময় উপস্থিত লোকজনের উদ্দেশ্যে দুলু এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক রাসেল আহম্মেদ রনি, জেলা ওলামা দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফি, শ্রমিক নেতা শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ। রুহুল কুদ্দুস তালুকদার দুলু শুক্রবার সারাদিন নলডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামে সভা সমাবেশ ছাড়াও পাড়া মহল্লায় ঘুরে ঘুরে জন সংযোগ করেন এবং তার লিফলেট বিতরণ করে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন।
