নাটোর-১ আসন

পুতুলকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে কাঁদলেন ডা. রাজন


রাজনীতি লালপুর

লালপুর (নাটোর) প্রতিনিধি

(২ মাস আগে) ২১ জানুয়ারি ২০২৬, বুধবার, ৯:১৯ অপরাহ্ন

natoreview

ডা. ইয়াসির আরশাদ রাজন

সংবাদ সম্মেলনের মাধ্যমে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের নির্বাচনি মাঠ থেকে সরে দাঁড়ালেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী ডা. ইয়াসির আরশাদ রাজন। তিনি ওই আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে সমর্থন জানিয়েছেন।

এ সময় প্রার্থী নিজে এবং তার কর্মী-সমর্থকরা কান্নায় ভেঙে পড়েন।

ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের প্রধান নির্বাচনি সমন্বয়কারী লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট ফিরোজ হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, এখন থেকে রাজনের সব কর্মী-সমর্থক ও ভোটাররা ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনি প্রচারে থাকবেন এবং তার পক্ষে কাজ করবেন।

উল্লেখ্য, মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় ছিল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৫টা। নির্দিষ্ট সময় পার হওয়ার পর বিকাল সাড়ে ৫টায় লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার হোয়াটসঅ্যাপ নাম্বারে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার ইয়াসির আরশাদ রাজন তার প্রত্যাহারপত্র পাঠান; কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার কারণে প্রত্যাহারপত্রটি রিটার্নিং কর্মকর্তা গ্রহণ না করায় (২১ জানুয়ারি) বুধবার সকালে উপজেলার গৌরীপুরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নির্বাচনি মাঠ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।

এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার ইয়াসির আরশাদ রাজন আমার হোয়াটসঅ্যাপে তার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন পাঠান। আমি তাৎক্ষণিক সেটা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়ে দেই। তিনি বিধি অনুসারে সিদ্ধান্ত নিয়েছেন।