নাটোর-১ আসন

প্রতীক বরাদ্দের আগেই ‘কলস’ প্রতীকে ভোট চাইলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী টিপু


রাজনীতি লালপুর

লালপুর প্রতিনিধি

(৩ মাস আগে) ৩ জানুয়ারি ২০২৬, শনিবার, ৮:১১ অপরাহ্ন

natoreview

প্রতীক বরাদ্দের আগেই ‘কলস’ প্রতীকে ভোট চাওয়া ও প্রচারণার অভিযোগ উঠেছে নাটোর-১ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. তাইফুল ইসলাম টিপুর বিরুদ্ধে। ছবি : নাটোরভিউ২৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই ‘কলস’ প্রতীকে ভোট চাওয়া ও প্রচারণার অভিযোগ উঠেছে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর বিরুদ্ধে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে লালপুর উপজেলার গোপালপুর বাজারে নির্বাচনী গণসংযোগকালে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু ও তাঁর কর্মী-সমর্থকেরা কলস প্রতীকে ভোট চেয়ে স্লোগান দেয় এবং ভোটারের কাছে ভোট প্রার্থনা করেন। গণসংযোগের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নির্বাচনী আচরণ বিধি লংঘন ও নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের দায়িত্ব পালনে অবহেলার  বিষয়টি নিয়ে নানা সমালোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, টিপুর কর্মী ও সমর্থকেরা মাথায় ‘কলস’ নিয়ে বাজারে হ্যান্ডমাইকে স্লোগান দিচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কলস প্রতীকে ভোট চাচ্ছেন। এ সময় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকেও ভোটারদের সঙ্গে গণসংযোগ করতে দেখা যায়।

স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, বিষয়টি সমর্থকদের ভুলবশত আবেগের বহিঃপ্রকাশ।  

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন জানান, প্রার্থীকে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে নির্বাচনি আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।