‘ভোটের গাড়ি’ এখন নাটোরে


রাজনীতি নলডাঙ্গা

নিজস্ব প্রতিবেদক

(৬ মাস আগে) ২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার, ৮:০২ অপরাহ্ন

natoreview

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে প্রচার চালিয়ে যাওয়া ‘ভোটের গাড়ি’ রোববার নাটোরে। ছবি : সংগৃহীত

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে প্রচার চালিয়ে যাওয়া ‘ভোটের গাড়ি’ এখন নাটোরে। ‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্য বিষয়ে জেলায় এই গাড়ির মাধ্যমে শনিবার থেকে শুরু হওয়া প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী চলবে সোমবার পর্যন্ত।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য ছাড়াও ‘ভোটের গাড়ি’র মাধ্যমে প্রদর্শিত প্রামান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে জুলাই গণ-অভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা, ফেলানী হত্যাকাণ্ড, প্রবাসীদের ভোট, গণভোটের মাধ্যমে সংস্কার ইত্যাদি।

আসন্ন গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ‘সুপার কারাভান’ নামে ১০টি গাড়ির বহর ২২ ডিসেম্বর যাত্রা শুরু করে। এই যাত্রার অংশ হিসেবে রোববার নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া এবং মাধনগরে প্রদর্শনী আয়োজন করে। তীব্র শীত উপেক্ষা করে প্রচুর দর্শনার্থী এসব চলচ্চিত্র উপভোগ করেন। একইদিন বিকেলে সিংড়া উপজেলায় প্রদর্শনী আয়োজন করা হয়।

সোমবার লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় প্রদর্শন করা হবে। এর আগে শনিবার গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলায় প্রদর্শনী শেষ হয়েছে বলে জানান ‘ভোটের গাড়ি’র রাজশাহী বিভাগীয় মনিটরিং সুপারভাইজার মো. জাহিদ হাসান।

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা তৈরির  লক্ষ্য তথা ভোট প্রদানে জনসাধারণকে উদ্বুদ্ধকরণে ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জেলার সব উপজেলায় প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে। এই কার্যক্রমে জেলা প্রশাসন সহযোগিতা দিয়ে যাচ্ছে।


 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ