নাটোরে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের সঙ্গে ক্রেতাদের মেলবন্ধন তৈরি করার লক্ষ্যে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে উদ্যোক্তা হাট। নাটোরের উত্তরা গণভবন প্রাঙ্গণে বিসিক জেলা কার্যালয় শুক্রবার দিনব্যাপী এ উদ্যোক্তা হাটের আয়োজন করে। এ হাটে অর্গানিক পল্লীর মোস্তাফিজুর রহমান তার কৃষি খামারে উৎপাদিত ব্লাক রাইস, বিভিন্ন আঙ্গিকে খেজুরের গুড়, খাঁটি সরিষার তেল ও ঘি, সুন্দরবনের খলিসা ফুলের মধু দর্শনার্থী ও ক্রেতাদের আকৃষ্ট করে। সিংড়ার সফল উদ্যোক্তা ইসমে আরা রাওমানের অনন্য নকশীকাঁথায় মুগ্ধ হন ক্রেতারা। উদ্যোক্তা হাটে উল্লেখযোগ্যসংখ্যক নারী ও পুরুষ উদ্যোক্তা তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেন এবং ক্রেতাদের নানা প্রশ্নের উত্তর দেন। সকাল ১০টায় হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিসিক নাটোর জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক দিলরুবা দীপ্তি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র ও অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, ইউনাইটেড প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবীউর রহমান পিপলু ও উদ্যোক্তা রুবিনা খাতুন প্রমুখ।
