বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড় বিলে কৃষক মোশারফ হোসেনের জমির ধান নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেটে দিচ্ছেন নাটোর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। ছবি : নাটোরভিউ২৪
বাগাতিপাড়ায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কৃষকের জমির ধান কেটে দিয়েছেন নাটোর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
শনিবার দুপুরে উপজেলার ফাগুয়াড়দিয়াড় বিলে কৃষক মোশারফ হোসেনের জমির ধান কাটায় অংশ নেন তিনি। এ ধান কাটায় যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় স্থানীয় কৃষকরা তার এ উদ্যোগের প্রশংসা করেন। বাগাতিপাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হান জানান, ধান কাটা মৌসুমে শ্রমিক পাওয়া খুবই কষ্টকর। শ্রমিক না পাওয়ায় অনেক কৃষকের পাকা ধান মাঠেই নষ্ট হচ্ছিলো। বিএনপি নেত্রী ফারজানা শারমিন পুতুল নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ধান কেটেছেন। যুবদল, ছাত্রদল মিলে কৃষকদের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়া হচ্ছে। শুধু এখানেই নয়, এ এলাকার আরও কৃষকের ধান কাটার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোশাররফ হোসেন, সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রশীদ চেীধূরী, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ নেকবর হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।
নাটোর-১ আসনের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, মহান আল্লাহর রহমতে এ অঞ্চলে ধানের বাম্পার ফলন হয়েছে। নির্বাচনি গণসংযোগে এসে দেখি আমাদের কৃষক চাচা, ভাইয়েরা শ্রমিক সংকটে ভুগছেন। রোদে পুড়ে ধান কাটতে তাদের কষ্ট হচ্ছে। তাই সিদ্ধান্ত নিয়েছি, আমরা স্বেচ্ছায় কৃষকদের ধান কেটে দেবো। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ বিএনপির সহযোগী সংগঠনের ভাইয়েরা মিলে কৃষকদের পাশে থাকবে।
