লালপুরে নির্বাচনি প্রচারে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। ছবি : নাটোরভিউ২৪
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, মিডিয়া সেলের সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের গণসংযোগে নারীদের ব্যাপক সমাগম হয়েছে। পাড়া মহল্লায় যেখানেই যাচ্ছে সেখানেই পটলের বেটিকে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে তারা। তাকে কাছে পেয়ে আবেগ আপ্লূত হয়ে পড়ছে নারী ভোটাররা।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত তিনি লালপুর উপজেলার ওয়ালিয়া ও দুয়ারিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগকালে এমন চিত্র দেখা যায়। আগেরদিন তিনি ২নং ঈশ্বরদী ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রচারণা চালান। এসময় তিনি গ্রামাঞ্চলের ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগে তিনি বলেন, আমার বাবা মরহুম ফজলুর রহমান পটল যোগাযোগ প্রতিমন্ত্রী থাকাকালে অসংখ্য কাঁচা রাস্তা পাকা করেছিলেন। বিএনপি আমাকে আমার বাবার মতোই কাজ করার সুযোগ দিয়েছে। আমি নির্বাচিত হলে লালপুর-বাগাতিপাড়ার একটি রাস্তাও কাঁচা রাখব না।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশীদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আজিজ রন্জু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা যুবদল সভাপতি আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলিমুদ্দিন, মৎস্যজীবি দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান, জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান রবিন প্রমুখ।
