বড়াইগ্রামে ছয় দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা
শিক্ষাগত যোগ্যতা স্নাতক করে ১৪ তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে পদমর্যাদা ১১ তম গ্রেডে উন্নীতকরণ ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ছয় দফা দাবিতে নাটোরের বড়াইগ্রামে স্বাস্থ্য সহকারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছেন।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে ব্যানারসহ এ কর্মসূচি পালিত হয়। এ সময় সংগঠনের জেলা সভাপতি মো. সৈকত ইসলাম, উপজেলা সাধারণ সম্পাদক আলী আজগর, মূখ্য সংগঠক খ. ম. ওয়ারেছ কায়সার, স্বাস্থ্য সহকারী মৃন্ময় কুমার সরকার ও রামপ্রসাদ সরকার বক্তব্য রাখেন।
তারা বলেন, দেশে প্রায় ২৬ হাজার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ সেবা দিচ্ছেন। রোগ প্রতিরোধ, ইপিআই কর্মসূচি, গর্ভবতী মা ও শিশুদের সেবা প্রদানসহ নানা দায়িত্ব পালন করলেও তাদের পদের মর্যাদা ও বেতন কাঠামোতে চরম বৈষম্য বিদ্যমান। তাদের দাবি মেনে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন নেতারা।
