বড়াইগ্রামের কচুগাড়ি এলাকায় রোববার ঐতিহ্যবাহী নৌকাবাইচের ফাইনাল খেলা। ছবি : নাটোরভিউ২৪
বড়াইগ্রামের কচুগাড়ি এলাকায় ঐতিহ্যবাহী নৌকাবাইচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার কচুগাড়ি গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় বিলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে বড়াইগ্রামের কচুগাড়ি গ্রামের নৌকা ফাতেমা এক্সপ্রেস প্রথম, মোহনা এক্সপ্রেস দ্বিতীয় এবং আরিফ এক্সপ্রেস তৃতীয় হয়েছে।
এছাড়া ‘খ’ গ্রুপে নয়ন এক্সপ্রেস প্রথম ও মায়শা এক্সপ্রেস দ্বিতীয় স্থান অধিকার করেছে। এছাড়া ‘গ’ গ্রুপে মোরসালিন এক্সপ্রেস প্রথম, জিম এক্সপ্রেস দ্বিতীয় এবং স্বাধীন বাংলা এক্সপ্রেস তৃতীয় হয়েছে।
প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানের সভাপতি শিক্ষাবিদ মজনু মোহাম্মদ ইসহাক পুরষ্কার হিসাবে প্রতিটি গ্রুপের বিজয়ীদের মাঝে সিলিন্ডারসহ গ্যাসের চুলা, রাইস কুকার ও প্রেসার কুকারসহ বিভিন্ন সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গুরুদাসপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা রবিউল করিম, চলনবিল প্রবাহ সম্পাদক মাহমুদুল হক খোকন, কচুগাড়ি গ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি মো. বদিউজ্জামান, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মাস্টার, জোনাইল ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য সুজন আলম, সাবেক ওয়ার্ড সদস্য আমিন উদ্দিন ও মান্নান বিশ্বাস উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, ফাইনালে ১৫টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিটি নৌকায় ৩০-৩৫ জন করে মাল্লা ছিলেন। পানিতে বৈঠা চালানোর ছলাৎ ছলাৎ শব্দ আর মাল্লাদের ইয়া আলী, হেঁইও হেঁইও, আল্লাহ আল্লাহ ...... ধ্বনির সঙ্গে হাজার হাজার মানুষের করতালি ও হর্ষধ্বনীতে মুখরিত হয়ে উঠে পুরো বিল।
বড়াইগ্রাম, গুরুদাসপুর ও পাবনার চাটমোহর উপজেলার হাজার হাজার নারী-পুরুষ-শিশুরা বিলুপ্তপ্রায় এ বাইচ উপভোগ করতে অসংখ্য নৌকায় চেপে সমবেত হওয়ায় পুরো বিল জুড়ে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়।
