বাগাতিপাড়ায় মসজিদের পাশে বিড়ির কারখানা স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন


বাগাতিপাড়া

বাগাতিপাড়া প্রতিনিধি

(১ বছর আগে) ২৯ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ৪:৫৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৫১ অপরাহ্ন

natoreview

বাগাতিপাড়ায় মসজিদের পাশে বিড়ির কারখানা স্থাপন বন্ধের দাবিতে মঙ্গলবার মানববন্ধন। ছবি : নাটোরভিউ২৪

বাগাতিপাড়া উপজেলার গয়লার ঘোপে মসজিদের পাশে বিড়ির কারখানা স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গ্রামবাসী। একই সঙ্গে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় ইউএনও কার্যালয়ের সামনে তারা এই কর্মসূচী পালন করেন। মানববন্ধনে বক্তৃতা করেন শহিদুল ইসলাম, সুলতানুল ইসলাম, সোহেল রানা প্রমুখ।

বক্তারা বলেন, গয়লার ঘোপ গ্রামে কোন প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে লোকালয়ে এবং মসজিদের পাশে মনোমহন বিড়ি কারখানা স্থাপন করা হচ্ছে। ওই মসজিদে কোমলমতি শিশু শিক্ষার্থীদের একটি মক্তব পরিচালিত হয়।

এছাড়া বিড়ি কারখানাটি স্থাপনে স্থানীয়দের দূরারোগ্য ক্যান্সারসহ বিভিন্ন রোগের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। এর আগে একটি মাদ্রাসার পাশে এই কারখানাটি স্থাপনের চেষ্টা করা হলে প্রশাসন তা সরিয়ে নিতে আদেশ দেয়। সেখান থেকে সরিয়ে এবার মসজিদের পাশে নির্মান করা হচ্ছে। এ অবস্থায় বিড়ির কারখানাটি ওইস্থানে স্থাপন না করে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি করেন তারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর গ্রামবাসীদের সাক্ষরিত এক স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের হাতে তারা হস্তান্তর করেন।

মনোমহন বিড়ি কারখানার কর্মকর্তা মইনুল ইসলাম সান্টু সাংবাদিকদের বলেন, একই গ্রামে আরও তিনটি বিড়ির কারখানা রয়েছে। কিন্তু এই মনোমহন বিড়ি কারখানাটি স্থাপনে কিছু ব্যক্তি ষড়যন্ত্র করছে। তবে বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন দপ্তরের অনুমতি নিয়ে কারখানাটি স্থাপন করা হচ্ছে।