এমটিএফই লাপাত্তা, সীমাহীন লোভে লাগাম দিন


মতামত

নাজমুস সাকিব

(২ বছর আগে) ১৯ আগস্ট ২০২৩, শনিবার, ১:১৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:২৯ অপরাহ্ন

natoreview

প্রথম এই নামটা শুনি মনিপুর স্কুলের এক শিক্ষক বড় ভাইয়ের কাছে। জানতে চান, উনার শতাধিক সহকর্মী হাজার হাজার, লাখ লাখ টাকা ইনভেস্ট করেছে এবং লাভও তুলছে। এ সম্পর্কে আমি জানি কিনা। বললাম, না জানিনা। পরে উনার কাছ থেকেই আরও কিছু জানার পর বললাম, যারা বিনিয়োগ করেছে তারা ধরা খাবে। আপনি কিছু টাকা দেবেন, আর কেউ মাগনা মাগনা বিপুল লাভ দিতে থাকবে, সেটা স্বাভাবিক না। পরে উনি আর যুক্ত হননি। এমটিএফইতে বিনিয়োগ থেকে বিরত থাকেন। আজ জানালেন, বিদ্যালয়ের অনেক সিনিয়র শিক্ষকসহ প্রায় শতাধিক সহকর্মী এমটিএফইতে টাকা দিয়েছেন। টাকার পরিমাণ প্রায় কোটি।

আমার স্ত্রীর বড় ভাই গতমাসে বেড়াতে এলেন আমার বাসায়। সেসময় তিনি গল্পে গল্পে এমটিএফইর কথা তুললেন। আমি বললাম, আপনিও বিনিয়োগ করেছেন? সম্মতিসূচক মাথা নেড়ে জানালেন, অল্প মাত্র ২৫ হাজার। যা বিনিয়োগ করেছিলেন, লভ্যাংশ হিসাবে তা ফেরত পেয়েছেন। বললাম, আর একটাকাও দেবেন না। যা দিয়েছেন তা ফেরত নেওয়ার সিস্টেম থাকলে নিয়ে নেন। এ ধরনের ফাটকা ব্যবসা যেকোনো মুহুর্তে  বন্ধ হয়ে যায়। আজ জানালেন, উনার সহকর্মী, এলাকাবাসীসহ পরিচত জনদের মধ্যে থেকেই অন্তত ৫০ লাখ টাকা খোয়া গেছে।

কিছুদিন আগে বড়াইগ্রাম সমিতি, ঢাকার এক মিটিং হয়েছে মিরপুর ১ সনি হলের বিপরীতে সিটি মহল রেস্টুরেন্টে। ওখানেই দেখি হলরুম ভাড়া করে এমটিএফইতে বিনিয়োগ শীর্ষক সেমিনার হচ্ছে। আয়োজনে, মিরপুর অঞ্চলের বিনিয়োগকারীরা। সেখানে আগত এক তরুণকে জিজ্ঞেস করলাম, কী করেন কেন আসছেন? ম্যানেজমেন্টে পড়াশুনা করে জানালে বললাম, এত শর্টকাটে বড়লোক হওয়ার ধান্দা করা যাবে না। পড়ালেখা করেন, টিউশনি করান, এমনকী সেলসম্যান হিসাবে পার্টটাইম কাজ করতে পারেন। তবু এসব ফ্রডের পাল্লায় পড়া যাবে না। আপনার সাবজেক্ট অনুসারে এসব দুই নম্বরি জিনিষতো খুব সহজে আপনার বোঝার কথা। আরও বললাম, জীবনের সকলক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। বলতে গেলে বিনাশ্রমে লিফটে দ্রুত ওঠা যায় সত্য, কিন্তু লিফট ছিড়লে পতনও হয় সেকেন্ডেই, এবং সেটা জীবনঘাতি। সিঁড়ি দিয়ে পরিশ্রম করে উপরে উঠেন, এতে কখনও পা পিছলে গেলেও কয়েক সিঁড়ি পেছোবেন, ব্যথা পাবেন, কিন্তু মরার সম্ভবনা কম থাকবে।

গতকাল আন্তজার্তিক প্রতারণা প্রতিষ্ঠান এমটিএফই উধাও হয়ে গেছে। বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা নিয়ে গেছে। যারা ধরা খেয়েছেন, তাদের প্রতি কোনো সমবেদনা নাই। সেপুদার মত তাদের কেউ ত্রস ত্রস করে কাঁচা কঞ্চি দিয়ে কেউ যদি ২টা বাড়ি দিতে চায়, তাতেও আমার অসম্মতি নাই।  এত লোভ কেনরে ভাই?? লোভে লাগাম দিন। লোভ নিয়ন্ত্রণ না শিখলে জীবনে সুখের দেখা পাবেন না। আর ধরাতো খাবেনই পদে পদে। 

  • নাজমুস সাকিব
    মফস্বল সম্পাদক
    দৈনিক কালবেলা