নাটোরের বড়াইগ্রাম থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র হোড়। নাটোর ভিউ২৪
নাটোরের বড়াইগ্রামে মাদক, সন্ত্রাস ও উগ্রবাদ নির্মূলে ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে ‘ওপেন হাউস ডে’ পালন করা হয়েছে। বড়াইগ্রাম থানার পুলিশের উদ্যোগে আয়োজিত সভায় ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়।
সভায় অন্যান্যের মধ্যে সাবেক পৌর মেয়র ইসাহাক আলী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল হোসাইন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান ও সেক্রেটারী আবু বকর সিদ্দিক, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সম্পাদক ঈমান আলী, উপজেলা যুবদলের সম্পাদক মোস্তাফিজুল হক বকুল, বনপাড়া পৌর নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী হুমায়ুন কবির, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা মেহেদী হাসান নোমান, চান্দাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান ও বড়াইগ্রাম পৌরসভার আট নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, অপরাধ দমনে শুধু পুলিশের লাঠি বা পোশাকই যথেষ্ট নয়, আসল শক্তি লুকিয়ে আছে আপনাদের সচেতনতায়। আপনারা সমাজে লুকিয়ে থাকা মাদক কারবারি, উগ্রবাদী ও অপরাধীদের তথ্য দিয়ে আমাদের পাশে দাঁড়ান। আমি কথা দিচ্ছি, আপনাদের দেওয়া প্রতিটি তথ্যের গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করা হবে। পুলিশ ও জনগণ এক সুতোয় গাঁথা থাকলে কোনো অপরাধী পার পাবে না।
