সিংড়ায় ধানের শীষে ভোট দেয়ার অপরাধে এছাতন নামের এক নারীর ডান হাতের আঙুল ভেঙে দেওয়া হয়েছে। ছবি : নাটোরভিউ২৪
সিংড়ায় ধানের শীষে ভোট দেয়ার অপরাধে এছাতন নামের এক নারীর ডান হাতের আঙুল ভেঙে দেওয়া হয়েছে। শনিবার সকাল ১০ টায় সিংড়া পৌরসভার পারসিংড়া মহল্লায় এই ঘটনা ঘটে। তাকে উদ্ধারে এসে ওই ওয়ার্ডে দায়িত্ব পালনকারী ধানের শীষের এজেন্ট সহ আরও ৮ জনকে মারধর করা হয়েছে। এই অভিযোগ বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী দাউদার মাহমুদের ঘোড়া প্রতীকের কর্মীদের বিরুদ্ধে। এদিকে ঘটনার পর অভিযুক্ত স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিয়ামুল ইসলাম ওরফে নেহালকে আটক করেছে থানা পুলিশ।
সূত্রে জানা যায়, ধানের শীষের বিজয় ও স্বতন্ত্র প্রার্থীর পরাজয় কে কেন্দ্র করে নাটোরের সিংড়া পৌর শহরের পারসিংড়া মহল্লায় দু’পক্ষের একাধিকবার বাকবিতন্ডা হয়। এরই জের ধরে শনিবার সকালে ধানের শীষে ভোট দেয়ার অপরাধে এছাতন নামের এক নারীকে পিটিয়ে তার হাতের আঙ্গুল ভেঙ্গে দেন পরাজিত স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের কর্মী নিয়ামুল ইসলাম ওরফে নেহাল ও তার লোকজন। পরে তাকে উদ্ধারে এসে স্থানীয় সিংড়া চলনবিল মহিলা কলেজে দায়িত্ব পালনকারী ধানের শীষের এজেন্ট সুবিনা (২৮) সহ আরো সাতজন ধানের শীষের কর্মীর উপর হামলা চালায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা। আহত অন্যরা হলেন রুপসি (৩০), মুছাম্মা (২৫), তাসলিমা (৩০), পিয়সি (৭০), ফরিদা (৫০), আছলিমা (৬০) ও ইরিনা (১৫)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে পরাজিত স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ মুঠোফোন রিসিভ করেননি। আর ধানের শীষের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু নিরাপদ সিংড়া গড়তে সকলকে শান্ত থাকার আহবান।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ,স,ম আব্দুন নূর বলেন, আহতের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সাথে জড়িত নিয়ামুল ইসলাম ওরফে নেহাল নামের একজনকে আটক করা হয়েছে।
