মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় : দুলু


রাজনীতি সদর

নিজস্ব প্রতিবেদক

(৫ মাস আগে) ৫ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৫:১৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:২০ অপরাহ্ন

natoreview

নাটোর সদরের দিঘাপাতিয়া ইউনিয়নের গোয়ালদিঘিতে বৃহস্পতিবার পথসভায় বক্তৃতা করছেন নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : নাটোরিভউ২৪

নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।  ১২ ফেব্রুয়ারি সারা দিন মানুষ দলে দলে ভোট কেন্দ্রে আসবে। ভয়ভীতিহীন পরিবেশে ভোট দিবে। দেশের মানুষ আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। দেশের মানুষের ভালোবাসায় বিএনপি একক ভাবেই এবার ক্ষমতায় যাবে।

বৃহস্পতিবার নাটোর সদরের দিঘাপাতিয়া ইউনিয়নের গোয়ালদিঘিতে আয়োজিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন, নাটোর জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহীদুল্লাহ সোহেল, জেলা প্রযুক্তি বিষয়ক কমিটির আহ্বায়ক রাসেল আহম্মেদ রনি ও জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি।

সমাবেশে দুলু আরও বলেন, আওয়ামী লীগ সরকার বিনা ভোটে প্রায় ১৮ বছর দেশের ক্ষমতায় ছিলো। দেশ জুড়ে তারা হত্যা গুম লুটপাট করে দেশকে অশান্ত করেছে। বিরোধী মতাদর্শের মানুষকে বসবাস করতে দেয়নি। মানুষের ভাত ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো। দিনের ভোট রাতে করতো। কখনো আবার আমি আর ডামির নির্বাচন করতো। সাধারণ মানুষকে তারা ভোট কেন্দ্রে যেতে পারতো না। মত প্রকাশ করতে পারতো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশ করলেও আটক করে কারাগারে পাঠানো হতো। বিএনপি মানুষের ক্ষমতায় বিশ্বাস করে।

দুলু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া এদেশের মানুষের কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার , রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছেন। দেশের মানুষের শিক্ষা ও কর্মস্থানের সুযোগ তৈরি করে দিয়েছিলেন। তাদের যোগ্য সন্তান বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান এখন ফ্যামেলি কার্ডের মাধ্যমে আবার নারীদের এবং কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের সম্মানিত করার উদ্যোগ গ্রহণ করেছেন। দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবার সকলে সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। তাই আগামী ১২তারিখ সকলে ঐক্যবদ্ধ ভাবে ভোট দিতে যেতে হবে। এই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ