নাটোর-৪ আসনে দাঁড়িপাল্লার সমর্থনে এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের নেতৃত্বে বিশাল গণমিছিল। নাটোর ভিউ ২৪২৪
নাটোর-৪ আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে বড়াইগ্রাম উপজেলা সদর বনপাড়ায় ১১ দলীয় জোটের উদ্যোগে বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার বনপাড়া বাজারে বিশাল গণমিছিলের নেতৃত্ব দেন নাটোর-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম। এতে প্রায় পাঁচ সহস্রাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
এ সময় অন্যদের মধ্যে নাটোর জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মোজ্জাজ নাঈম, নাটোর জেলা এনসিপি'র সাংগঠনিক সম্পাদক ও বড়াইগ্রাম উপজেলা প্রধান সমন্বয়ক জিএম আক্কাস আলী (তাহাস), উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, নায়েবে আমীর সিরাজুল ইসলাম কোরবান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি বাবর আলী, বনপাড়া পৌর জামায়াতের আমীর মীর মোঃ মহীউদ্দীন, জামায়াত নেতা আব্দুল হান্নান বাদশা ও আইয়ুব আলী, সাবেক শিবির নেতা হুমায়ুন কবীর ও ডা. রাশেদুল ইসলাম সহ অত্র উপজেলার ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
গণমিছিল শেষে এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম তার বক্তব্যে বলেন, আমার রাজনৈতিক ক্যারিয়ারে চাঁদাবাজি জুলুম নির্যাতনের কোন রেকর্ড নেই। তিনি প্রশাসনিক ও উন্নয়নমূলক সুবিধার জন্য বড়াইগ্রাম ও বনপাড়া কে পৃথক দুটি উপজেলা বাস্তবায়নের ভূমিকা রাখবেন অঙ্গীকার করেন এবং একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের ভোটারদের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।
