খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বুধবার বিকালে নাটোর সদরের দরাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় বক্তৃতা করছেন নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : নাটোরভিউ২৪
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী, নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার রক্ষায় খালেদা জিয়ার আপসহীন ও সাহসী ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। খালেদা জিয়ার মৃত্যু নেই। তিনি তার কর্মের জন্য বাঙালি জাতির কাছে অমর হয়ে থাকবেন। বাঙালির অন্তরে ধানের শীষের মাধ্যমে তিনি অনন্তকাল বেঁচে থাকবেন।
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বুধবার বিকালে নাটোর সদরের দরাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
নাটোর জেলা যুবদলের সহসভাপতি কবির হোসেন কাঙ্গালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্ততা করেন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দীন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, নাটোর-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহিন, সদর থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন ও স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল আহম্মেদ রনি প্রমুখ।
অনুষ্ঠানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
অনুষ্ঠানে দুলু আরও বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বারবার নতুন প্রেরণা পেয়েছে। তার দৃঢ় ও ত্যাগী নেতৃত্ব জাতিকে বারবার মুক্তির পথে অনুপ্রাণিত করেছে। দুলু বলেন, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন দেশের সাধারণ মানুষের জন্য এক অভিভাবকের প্রতিচ্ছবি। দেশ ও জাতি তার অসামান্য অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
