নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু রোববার জেলা রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক আসমা শাহীনের হাতে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। ছবি : নাটোরভিউ২৪
নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু রোববার দুপুরে নাটোর জেলা রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক আসমা শাহীনের হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ সময় দুলু বলেন, ‘নাটোরের মানুষ অতীতে ঐক্যবদ্ধ ভাবে আমাকে তিনবার নির্বাচিত করেছিলেন। আমি মানুষের প্রত্যাশা পূরন করার চেষ্টা করেছি। আমাকে নিয়ে নাটোরের মানুষ স্বপ্ন দেখে, আমি অঙ্গীকার করছি আমি তাদের সেই স্বপ্ন পূরন করবো ইনশাআল্লাহ।
দুলু আরও বলেন, দীর্ঘ ২৪ বছর পর আমি সংসদ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করলাম। ২০০১ সালের নির্বাচনের পর আর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হয়নি। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে যাদের রক্তের বিনিময়ে আজ আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি, তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, দীর্ঘ ২৪ বছর নাটোরের জনগণ আমাকে ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার সেই সুযোগ এসেছে। আমার দলের প্রতি আমি চিরকৃতজ্ঞ আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার জন্য। এ জন্য খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
দুলু আরও বলেন, ‘তারেক জিয়ার নেতৃত্বে আগামী দিনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। দেশ গড়া নিয়ে তারেক রহমানের যে পরিকল্পনা তা বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দেয়ার মাধ্যমে বাস্তবায়ন করবে। এ সময় দুলুর সঙ্গে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহব্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন ও মিডিয়া সেলের প্রধান নাসিম উদ্দিন নাসিম।
