নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে সোমবার মতবিনিময় সভায় বক্তৃতা করছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ছবি : নাটোরভিউ২৪
জুলাই গণ-অভ্যুত্থ্যানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে নিতে হবে। তারেক রহমানের নেতৃত্বেই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব। খালেদা জিয়া যেমন সন্তানের লাশ ধরে নিরবে দাঁড়িয়ে ছিলেন তেমনি তার মাও সেভাবেই মুগ্ধর লাশ নিয়ে নির্বাক দাঁড়িয়ে ছিলেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে। চিরতরে ফ্যাসিস্টের পতনের মধ্য দিয়ে এসব হত্যার বদলা নিতে হবে।
সোমবার বিকাল ৩টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্নিগ্ধ এসব কথা বলেন।
স্নিগ্ধ বলেন, ১৭ বছর খুনি ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে। বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় আমরা সরকারের সঙ্গে আপোষ করিনি। সরকার আমাদের গণভবনে নিয়ে আপোষ করার চেষ্টা করেছে। বাধ্য হয়ে তখন আমাদের আত্মগোপনেও থাকতে হয়েছে।
তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ সব বিএনপি নেতাকর্মীকে লালন করতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে।
স্নিগ্ধ এসময় নবীন প্রবীণ বাধো জোট ধানের শীষে দিবো ভোট স্লোগান দিয়ে তার বক্তব্য শেষ করেন।
নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ এর সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
