নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে নাটোর সদর, পৌর ও নলডাঙ্গা উপজেলা বিএনপির যৌথ আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভায় বক্তৃতা করছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : নাটোরভিউ২৪
বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। জুলাই সনদ সাক্ষর হলেও কিছু দল এখনো ষড়যন্ত্রের বীজ বপন করেই চলছে।এদের থেকে দেশবাসীকে সাবধান থাকতে হবে।
দুলু বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনকে আপনারা হালকা করে দেখার কোন সুযোগ নাই। তাই এই নির্বাচন কে নিয়ে এখনো ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত আছে আপনেরা খেয়াল করেছেন এই জুলাই সনদ নিয়ে গতকালকেও অনেক রকম ঝামেলার সৃষ্টি হয়েছে। দুই একটি রাজনৈতিক দল ছাড়া বাংলাদেশের বিএনপি জামায়াত সহ সব রাজনৈতিক দল কিন্তু কাল জুলাই সনদে সই করেছে। জুলাই সনদ মানে আপনেরা জানেন, যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন তাদের ব্যাপারে কিছু দিক নির্দেশনামূলক সিধান্ত সেইটা জুলাই সনদে উল্লেখ আছে। এইটাকে কেন্দ্র করে একটা বিভাজন বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। আমরা আশা করি এই বিভেদ এই বিভাজন নিরসন হবে। নির্ধারিত সময়েই বাংলাদেশে নির্বাচন হবে।
শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে নাটোর সদর, পৌর ও নলডাঙ্গা উপজেলা বিএনপির যৌথ আয়োজনে নির্বাচনি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলুু এসব কথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াাজ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, সদস্য কাজী শাহ আলম,জেলা, শহিদুল ইসলাম বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও শ্রমিক নেতা শরিফুল ইসলাম বুলবুল প্রমুখ।
অনুষ্ঠানে দুলুু আরো বলেন, দেশের মানুষ ২০ বছর কোন ভোট দিতে পারেনি। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের গুম, খুন, হত্যা, সন্ত্রাস, লুটপাটের রাজত্বের অবসান হয়েছে। দেশের দেড় হাজার ছাত্র জনতার বুকের তাজা রক্তে জাতি ভোটের অধিকার কথা বলার অধিকার ফিরে পেয়েছে। এই অধিকার বিষয়ে সকলকে সজাগ থাকবে হবে।
