নাটোরের বড়াইগ্রামের রামাগাড়ি গ্রামে নদীতে ডুবে কিশোরের মৃত্যুতে স্বজনদের আহাজারী। নাটোর ভিউ ২৪
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ইকবাল হোসেন (১৬) নামে মানসিক প্রতিবন্ধী এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের রামাগাড়ী বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় নন্দকুজা নদীতে এই ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন পাবনা জেলার বুনাইনগর ফরিদপুর এলাকার এনামুল হোসেনের ছেলে। তবে ইকবাল ছোট বেলা থেকেই রামাগাড়ী গ্রামে নানীর বাড়ীতে থাকতো।
জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর জানান, দুপুরে ইকবাল নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে সে পানির নীচে তলিয়ে যায়। পরে খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় বনপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ঘন্টা খানেকের প্রচেষ্টায় নদীর পানির নীচ থেকে তার মরদেহ উদ্ধার করে।
এই ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরিবারের আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
