নাটোর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মঙ্গলবার বক্তৃতা করছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : নাটোরিভউ২৪
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বাংলাদেশের অর্ধেক হচ্ছে নারী। আর তাদের মধ্যে বেশির ভাগ মা বোনেরাই বিএনপির ধানের শীষ ও খালেদা জিয়াকে ভালোবাসে। দেশের নারী সমাজ যদি মনে করে বাংলাদেশের ক্ষমতাকে রদবদল করতে হবে, তাহলে নারীরাই পারবে বাংলাদেশের ক্ষমতাকে রদবদল করতে। কারন মহিলারা যদি ঐক্যবদ্ধ ভাবে বলে, আগামী দিনে খালেদা জিয়াকে ক্ষমতায় বসাবো, এদেশের ধানের শীষকে ক্ষমতায় নিয়ে যাবো, তাহলে তারা পারবে জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় নিয়ে যেতে।
দুলু বলেন বিএনপি ক্ষমতায় গেলে যে পরিবারে সহযোগীতার জন্য ফ্যামিলি কার্ড দরকার তাদের সকলের পরিবাওে এবার ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নাটোর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এ কথা বলেন।
সভায় আরও বক্তৃতা করেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল আজিজ, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ, মোস্তাফিজুর রহমান শাহীন, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সাবেক এমপি সুফিয়া হক, সাধারণ সম্পাদক মুর্শেদা খানম রুপালি, সাংগঠনিক সম্পাদক মাকসুদা পারভিন মায়া, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।
অনুষ্ঠানে দুলু আরও বলেন, এই ফ্যাসিস্টদের দ্বারা এদেশের প্রশাসনিক ব্যবস্থা জুডিশয়াল থেকে শুরু করে সকল ক্ষেত্রে আওয়ামী লীগ ফ্যাসিস্ট তন্ত্র কায়েম করেছে । এখান থেকে পরিত্রানের পথ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে যদি বিএনপি প্রতিষ্ঠিত হয় তাহলে এই ফ্যাসিস্ট তন্ত্র থেকে বের হতে যা করতে হয় তাই করবে বলে দুলু মন্তব্য করেন। এর আগে শহরের আলাইপুর থেকে একটি শোভাযাত্রা করে জেলা জাতীয়তাবাদী মহিলা জেলা শাখা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা বিএনপির কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
