সিংড়ার বেলোয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার উরাও জাতীয় শিক্ষা সম্মেলন উদ্বোধন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। ছবি : নাটোরভিউ২৪
উরাও ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে সিংড়ায় ৪১তম বাংলাদেশ উরাও ছাত্র-ছাত্রী জাতীয় শিক্ষা সম্মেলন উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে বেলোয়া উচ্চ বিদ্যালয় মাঠে তিনদিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।
সম্মেলনের আহ্বায়ক সরেশ চন্দ্র উরাও-এর সভাপতিত্বে বক্তৃতা করেন, বেলোয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বেলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিনা রাণী উরাও, শিক্ষার্থী প্রতাপ কুমার প্রমুখ।
সম্মেলনের আহ্বায়ক সরেশ চন্দ্র উরাও বলেন, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে এবং পুরাতন সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরের ন্যায় তাদের এই সম্মেলনের আয়োজন। ‘তারুণ্যের শক্তি, উরাও জাতির মুক্তি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে সম্মেলনে উরাও ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের তিন দিনব্যাপি মিলনমেলা থাকবে।
