শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে : দুলু


শিক্ষা সদর

নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৮:৪৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

natoreview

নাটোর নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে বক্তৃতা করছেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : নাটোরভিউ২৪

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনা দেশের প্রাথমিক, মাধ্যমিকসহ প্রতিটি স্তরের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তার শাসনামলে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, বিসিএস পরীক্ষার প্রশ্ন টাকার বিনিময়ে কেনা বেচা হয়েছে। টাকার কাছে মেধাবীরা পরাজিত হয়েছে। শিক্ষক নিয়োগে বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। আওয়ামী লীগ আমলে টাকা ছাড়া মেধার ভিত্তিতে কেউ চাকরি পায়নি। ছাত্র জনতাই দেখিয়ে দিয়েছে কোনো প্রকার বৈষম্যই এ বাংলায় ঠাই হবে না। আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে স্বমহিমায় ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি মঙ্গলবার বিকেলে নাটোর নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল বারী মির্জা, নবীন বরণ অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক মো. আব্দুল মতিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর এনএস সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি সানোয়ার হোসেন তুষার, জিএস শহীদুল্লাহ সোহেল, কলেজ ছাত্রদলের সভাপতি এসএম জুবায়ের হোসেন।

দুলু আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়া অনেক কষ্টের। আওয়ামী লীগ তো দিনের ভোট রাতে করেছে। জনগণের ভোটের তাদের কোনো দরকার হয়নি। তারা জনগণের মনের কথা কিভাবে বুঝবে। তারা শুধু নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিলেন। তারা নিজেদের এমপি, মন্ত্রী পরিচয় দিয়ে দেশটাকে লুটপাট করে ধ্বংস করে দিয়ে গেছে। নাটোরে তেমন কোন শিল্প কারখানা ছিল না। আমি এমপি থাকা অবস্থায় প্রাণের মালিককে বলে নাটোর প্রাণের কারখানা নির্মাণ করাই। আজ সেখানে হাজারও ছেলে মেয়ের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আগামী দিনে সুযোগ হলে নাটোরে এমন আরও অনেক শিল্প কারখানা সৃষ্টি করবো যেখানে তোমরা পড়ালেখা শেষ করে চাকরিতে প্রবেশ করতে পারবে।