বড়াইগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা


শিক্ষা বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(৯ মাস আগে) ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৬:২৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:১০ অপরাহ্ন

natoreview

নাটোরের বড়াইগ্রাম ‍উপজেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট তুলে দিচ্ছেন জেলা প্রশাসক আসমা শাহীন। নাটোর ভিউ২৪

নাটোরের বড়াইগ্রামে এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আসমা শাহীন।  উপজেলা নির্বাহী কর্মকর্তা  লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামানিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা  ডা. নূরে আলম, মৌখাড়া ইসলামীয়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান, আহম্মেদপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইসাহাক আলী বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি জিপিএ ৫ প্রাপ্ত ৭৭ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, বেশিরভাগ বিদ্যালয় থেকে অবকাঠামোগত উন্নয়নের জন্য দাবি করা হয়। কিন্তু শিক্ষার উন্নয়ন আশানুরূপ দেখতে পাচ্ছি না, এ বিষয়ে শিক্ষকদের জোরালো ভুমিকা পালন করতে হবে। বিদ্যালয়ে মোবাইল নিয়ে প্রবেশে কঠোর হতে হবে এবং পদ্ধতিগত উন্নয়নের মাধ্যমে আন্তরিকতার সঙ্গে পাঠদান নিশ্চিত করতে হবে। তিনি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনার সন্তান সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরছে কিনা? কার সঙ্গে মেলামেশা করছে সে বিষয়ে সচেতন থাকতে হবে।
তিনি আরো বলেন, আমরা ইতিমধ্যে নাটোরকে তামাকমুক্ত ঘোষণা, বিদ্যালয় গুলোর ২০০ গজের মধ্যে তামাকের প্রচার ও বিক্রির ক্ষেত্রে জিরো টলারেন্স এবং পড়াশোনার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে সৃজনশীল কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের ক্যারাতে প্রশিক্ষণ, ভাষা প্রশিক্ষণ এবং ব্যায়ামাগার স্থাপনের উদ্যোগ নিয়েছি।